ভারতের মুসলিম নেতাদের সাথে বৈঠকে ঐক্যের ডাক অজিত দোভালের

ভারতের মুসলিম নেতাদের সাথে বৈঠকে ঐক্যের ডাক অজিত দোভালের

ভারতের মুসলিম নেতাদের সাথে বৈঠকে ঐক্যের ডাক অজিত দোভালের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেশের অভ্যন্তরীণ সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি ভারতকে একটি ‘বিশাল জাহাজ’ হিসেবে বর্ণনা করে বলেন, এ দেশের প্রতিটি নাগরিকই সেই জাহাজের নাবিক এবং সবার ভাগ্য একই সূত্রে গাঁথা।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে শিল্পপতি, শিক্ষাবিদ, অ্যাক্টিভিস্ট ও সাংবাদিকসহ ১৪ জন প্রতিনিধির অংশগ্রহণ ছিল।

অজিত দোভাল বলেন, “আমরা একসাথেই তরী পার হব অথবা একসাথেই ডুবব।” তিনি সতর্ক করে দেন, সমাজের ভেতরের বিভাজন পুরো দেশকেই দুর্বল করে দেয়। তার মতে, ভারতের শক্তি ও নিরাপত্তার প্রধান ভিত্তি হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ব্যবসায়ী জাফর সারেশওয়ালা বৈঠকটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানান, দোভাল ধৈর্যের সঙ্গে সবার বক্তব্য শুনেছেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে সমান সুযোগের দাবি জানানো হয়েছে—কোনো বৈষম্য বা বিশেষ সুবিধা নয়, বরং সবার জন্য সমান ক্ষেত্র নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আরেক প্রতিনিধি জহির কাজী বলেন, এ ধরনের সংলাপ ভুল বোঝাবুঝি দূর করতে এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে সহায়ক।

বৈঠকে দোভাল গত এক দশকে ভারতের সশস্ত্র বাহিনী ও আধাসামরিক বাহিনীতে মুসলিম যুবকদের ক্রমবর্ধমান অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে একে ‘নীরব পরিবর্তন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তায় মুসলিম তরুণদের সম্পৃক্ততা দেশের প্রতি আস্থা ও সংহতির প্রতিফলন।

ডিজিটাল মাধ্যমে ছড়ানো গুজব ও উগ্রবাদী প্রচারণার বিষয়েও সতর্ক করে তিনি মুসলিম নেতৃবৃন্দকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ‘প্রথম সারির প্রতিরক্ষা’ হিসেবে কাজ করার আহ্বান জানান।

সীমান্তে দায়িত্ব পালনরত মুসলিম জওয়ানদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতি মুসলিমদের অবদান নিয়ে যারা প্রশ্ন তোলে, এই বাস্তবতাই তাদের জন্য যথাযথ জবাব।

বৈঠকে শিক্ষা, কর্মসংস্থান ও প্রতিনিধিত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারী সাংবাদিক সামিনা শেখ বলেন, দোভাল শুধু সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেননি, বরং সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনাও দিয়েছেন।

প্রসঙ্গত, ভারতের অভ্যন্তরীণ সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে এ ধরনের সংলাপকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *