হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযান: ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, আটক ১
![]()
নিউজ ডেস্ক
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অবৈধ মজুদ ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে ৩ হাজার লিটার ডিজেল জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন স্থান থেকে ১৫টি ব্যারেলে মজুদকৃত মোট ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ সময় অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মো. মহিউদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় স্বার্থবিরোধী অবৈধ জ্বালানি মজুদ ও পাচার রোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে।
উল্লেখ্য, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।