রাখাইনের উপকূলে গাঁজা পাচারের অভিযোগে আরাকান আমি কর্তৃক ১১ বাংলাদেশি আটক
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাথেডং শহরের উপকূলের কাছে অভিযান চালিয়ে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে আরাকান আর্মি। স্থানীয় সংবাদমাধ্যম নারিনজারা জানায়, গত শুক্রবার (২৪ এপ্রিল) আরাকান আর্মি কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি নৌকা জব্দ করে এবং মাদক পাচারের অভিযোগে এসব ব্যক্তিকে আটক করে।
আরাকান আর্মির দাবি অনুযায়ী, প্রথম নৌকাটি দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ডনপাইক ও চেংখালির মাঝামাঝি এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়েছিল। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ছয়জন পুরুষ ও একজন নারীসহ মোট সাতজন বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় ২৩টি প্যাকেটে প্রায় ৩২ কেজি গাঁজা, পাশাপাশি যৌন উত্তেজক ওষুধ, জন্মনিয়ন্ত্রণ বড়ি, মোবাইল ফোন এবং বাংলাদেশি মুদ্রা জব্দ করা হয়।
পরে বিকেল ২টা ৩০ মিনিটে প্রথম নৌকাটিকে টেনে নিতে আসা আরেকটি নৌকাও আটক করা হয়। ওই নৌকায় থাকা আরও চারজন বাংলাদেশিকেও আটক করা হয় বলে জানায় আরাকান আর্মি।
বর্তমানে আটক ১১ জন, জব্দকৃত মাদকদ্রব্য এবং দুটি নৌকা আরাকান আর্মি কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, যদিও এই চালানটি বাংলাদেশ থেকে গিয়েছে বলে দাবি করা হচ্ছে, তবে রাখাইনের জান্তা-নিয়ন্ত্রিত জলসীমা থেকে নিয়মিতভাবেই মেথামফেটামিন ও হেরোইনের মতো ভয়াবহ মাদক বাংলাদেশে পাচারের ঘটনাও ঘটে থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।