ইয়েন ইয়েনকে ঘিরে অবস্থান: পাহাড়ে বিভ্রান্তির রাজনীতি উসকে দিচ্ছে ইউপিডিএফ
![]()
মোঃ সাইফুল ইসলাম
পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে সোশ্যাল মিডিয়াসহ আন্তর্জাতিক অঙ্গনে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকে কেন্দ্র করে রাঙামাটির কথিত রাজাকার পুত্র, চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী ইয়েন ইয়েনকে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দেওয়া একটি সতর্কতামূলক চিঠি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ওই চিঠিকে কেন্দ্র করে পার্বত্য চুক্তিবিরোধী প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের উপজাতিভিত্তিক আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) যেভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং পার্বত্য অঞ্চলের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
ইউপিডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ওই প্রশাসনিক পদক্ষেপ মতপ্রকাশের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং এটি সংবিধানবিরোধী।
সংগঠনটির দাবি, পার্বত্য চট্টগ্রামের বাস্তব পরিস্থিতি ও মানবাধিকার ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অধিকার যেকোনো নাগরিকের রয়েছে এবং সেই অধিকার রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউপিডিএফের এই অবস্থান শুধুমাত্র মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন নয়, বরং এটি ইয়েন ইয়েনের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক দীর্ঘদিনের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর পক্ষে অবস্থান ও নেটওয়ার্কের অংশ হিসেবেও দেখা যেতে পারে। বিশেষ করে ইয়েন ইয়েনকে ঘিরে অতীতেও বিভিন্ন সময়ে বিভিন্ন মহলে যে ধরনের সশস্ত্র সংগঠন সংশ্লিষ্টতার আলোচনা ও গুঞ্জন ছিল, এই বিবৃতির পর তা একপ্রকার প্রমান করে দিয়েছে।
দেবাশীষ রায়ের ২য় স্ত্রী ইয়েন ইয়েনের পক্ষে সশস্ত্র গোষ্ঠী ইউপিডিএফের বিবৃতি
বিশ্লেষকদের মতে, ইউপিডিএফের পক্ষ থেকে এত দ্রুত এবং স্পষ্টভাবে প্রশাসনিক চিঠির বিরোধিতা করা শুধুমাত্র মানবাধিকার বা মতপ্রকাশের প্রশ্ন নয়, বরং এটি পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক বয়ান নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক অঙ্গনে নির্দিষ্ট একটি অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেও দেখা যেতে পারে।
ইউপিডিএফ শুধুমাত্র একজন কথিত মানবাধিকার কর্মী ইয়েন ইয়েনের পক্ষই নেয় নি বরং পার্বত্য চট্টগ্রামকে ঘিরে ইয়েন ইয়েনের দীর্ঘদিনের অপরাজনীতিকে উসকে দিচ্ছে, অপতথ্য ছড়িয়ে সংঘাত সৃষ্টিকে সমর্থন দিয়ে পাহাড়ি তরুন সমাজে নতুন করে এক বিভ্রান্তিকর বার্তা দিচ্ছে।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে দাবি করা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক ফোরামে পার্বত্য চট্টগ্রাম ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সম্পর্কে “অসত্য ও বিভ্রান্তিকর তথ্য” উপস্থাপনের অভিযোগ রয়েছে। ফলে বিষয়টি কেবল ব্যক্তিগত মতপ্রকাশের প্রশ্ন নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক ইমেজের সঙ্গেও সম্পর্কিত বলে প্রশাসন মনে করছে।
এই অবস্থায় প্রশ্ন উঠছে; পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক পরিসরে বক্তব্য প্রদান আসলে কতটা স্বাধীন মতপ্রকাশের অংশ, আর কতটা রাজনৈতিক প্রভাবিত বয়ান? একই সঙ্গে ইয়েন ইয়েনকে ঘিরে বিভিন্ন সময় যে ধরনের সশস্ত্র গোষ্ঠী সংশ্লিষ্টতার আলোচনা উঠে এসেছে, তা কি কেবলই গুঞ্জন, নাকি এর পেছনে বাস্তব কোনো সত্যিকারের সমীকরণ রয়েছে, এ নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।
বিশেষ করে, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী শক্তির সঙ্গে কারা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কোন অবস্থান নিচ্ছে, সেটি এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইউপিডিএফের মত একটি সশস্ত্র গোষ্ঠী এটিকে মানবাধিকার ও পরিচয়ের লড়াই হিসেবে দেখলেও রাষ্ট্রচিন্তক ও দেশপ্রেমিক জনগন একে রাজনৈতিক প্রভাব বিস্তার ও বয়ান নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখছে।
তবে এখন পর্যন্ত ইয়েন ইয়েন বা তার পক্ষ থেকে প্রশাসনের অভিযোগ বা ইউপিডিএফের প্রতিক্রিয়া নিয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত জবাব পাওয়া যায়নি।
পরিস্থিতি বিশ্লেষণে স্পষ্ট যে, পার্বত্য চট্টগ্রাম ইস্যু এখন আর কেবল স্থানীয় প্রশাসনিক বা সামাজিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং তা আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার বয়ান এবং আঞ্চলিক রাজনৈতিক শক্তির পারস্পরিক অবস্থানের একটি সংবেদনশীল মঞ্চে পরিণত হয়েছে। ফলে যেকোনো বক্তব্য বা প্রতিক্রিয়া সেখানে দ্রুত রাজনৈতিক ব্যাখ্যার রূপ নিচ্ছে, যা ভবিষ্যতে আরও জটিলতা তৈরি করতে পারে।
পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে ‘অপপ্রচার’ অভিযোগ, ইয়েন ইয়েনকে সতর্ক করল জেলা প্রশাসন
এটা বলার অপেক্ষা রাখে না, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন যে কোনো সময় অতীতের মতোই একটি সংবেদনশীল ও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এ ধরনের অপতথ্য বা একপাক্ষিক বর্ণনা অনেক সময় স্থানীয় বাস্তবতাকে বিকৃত করে উপস্থাপন করে, যার ফলে ভুল বোঝাবুঝি ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। অতীতে দেখা গেছে, বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে উসকানিমূলক প্রচারণা ধীরে ধীরে সাম্প্রদায়িক মনোভাবকে উসকে দেয় এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে অপ্রয়োজনীয় দূরত্ব ও বিভাজন তৈরি করে, যা পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের সহাবস্থানের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি সাম্প্রদায়িক সংঘাতে অস্থিতিশীল করে তুলেছে পাহাড়ের পরিবেশকে।
এ ধরনের প্রবণতা পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করতে পারে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা যে ধারাবাহিকভাবে এ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং দুর্গম এলাকার জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত করার কাজে নিয়োজিত রয়েছে, তাদের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করার ঝুঁকি তৈরি হয়। ফলে তথ্যের যথার্থতা ও দায়িত্বশীল উপস্থাপনা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ইয়েন ইয়েন হলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের দ্বিতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইয়েন ইয়েনের সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লেখক।