রাঙামাটিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ, গণভোটের রায় বাস্তবায়নের দাবি
![]()
নিউজ ডেস্ক
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে পার্বত্য জেলা রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে শহরের বনরূপা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বনরূপায় এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমীর অধ্যাপক মো. আব্দুল আলীম, সেক্রেটারি জেনারেল মো. মানসুরুল হক, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য শহিদুল ইসলাম, এলডিপি জেলা কমিটির সহ-সভাপতি অমল বিকাশ দেওয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল সালাম এবং ইসলামী ছাত্র শিবির জেলা সভাপতি রবিউল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার প্রক্রিয়া, সংস্কার কার্যক্রম এবং গণভোট সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন দাবি ও অভিযোগ তুলে ধরেন।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল সালাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলেও সংশ্লিষ্ট ঘটনার বিচার প্রক্রিয়া এখনো শুরু হয়নি এবং সংস্কার কার্যক্রমে গতি নেই।
এলডিপি নেতা অমল বিকাশ দেওয়ান অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মো. আব্দুল আলীম বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে। তিনি দাবি করেন, সংসদে বিষয়গুলোর সমাধান না হলে রাজপথে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সমাবেশে বক্তারা গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।