খাগড়াছড়ির পানছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি–জামায়াতের পাল্টাপাল্টি হামলা, আহত ৪
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, পানছড়ি উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, উল্টাছড়ি ইউনিয়ন জামায়াতের আমির সৈয়দ মনজুর, ইউনিয়ন যুবদলের কর্মী লুৎফর রহমান এবং বিএনপির আরেকজন কর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে পানছড়ি বাজার এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং পানছড়ি-তবলছড়ি সড়কে উভয় পক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে সৈয়দ মনজুরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এদিকে ঘটনার জন্য বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের করেনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় শান্তি বিরাজ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।