খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিজ্ঞান মেলা, উদ্ভাবনী প্রযুক্তিতে মুগ্ধ অতিথিরা
![]()
নিউজ ডেস্ক
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিনির্ভর গবেষণা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক নানা উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে।

মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, স্মার্ট সেচব্যবস্থা, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক উদ্ভাবনী মডেল বিশেষভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও গবেষণামনস্কতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতের উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ও গবেষণার মাধ্যমে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল কাজী মো. আতিকুল হক, রিজিয়নের পদস্থ সেনা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।
মেলা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।