ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন এন এস রাজা সুব্রামানি
![]()
নিউজ ডেস্ক
ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) এন এস রাজা সুব্রামানি। ভারতের প্রতিরক্ষা বাহিনীর তিন বিভাগ স্থল, নৌবাহিনী এবং বিমানবাহিনীর প্রধান হিসেবে তাকে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।
ভারতের বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পদে আছেন তিনি।
এর আগে ২০২৪ সালের এক জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। তার আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ (জিওসি-ইন-সি) ছিলেন।
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসের কমিশন প্রাপ্তির মধ্যে দিয়ে এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের শুরু। ভারতীয় সেনাবাহিনীতে তার ক্যারিয়ারের বয়স ৪১ বছরেরও বেশি। দীর্ঘ এই কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন এন এস সুব্রামানি। সেই সঙ্গে বেশ কয়েকটি কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ এবং প্রশিক্ষক পদে অধিষ্ঠিত হয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামাানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।
পেশাগত জীবনে ৪টি পদক পেয়েছেন এন এস রাজা সুব্রামানি— বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।