পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটিতে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই।
রবিবার দুপুরে চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা জোরদার করতে নতুন প্রকল্প গ্রহণ করা হবে।
তিনি বলেন, পার্বত্য অঞ্চল থেকে আরও ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড় তৈরি করতে সরকার ক্রীড়া ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিতে সম্পৃক্ত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংগীত ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, রাঙামাটি একসময় খেলোয়াড় তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এবং এখান থেকে অনেক ক্রীড়াবিদ দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। রূপনা চাকমা, মনিকা চাকমা ও আনাই মগিনীদের মতো ক্রীড়াবিদরা সেই গৌরব ফিরিয়ে এনেছেন।
রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৈত্রী দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা মণিষ দেওয়ান এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো।
ফাইনাল খেলায় বালিকা বিভাগে বরকল উপজেলার জগন্নাথছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩-০ গোলে বাঘাইছড়ির পাকুজ্যাছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, বালক বিভাগে লংগদু উপজেলার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৫-১ গোলে রাজস্থলী উপজেলার তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।