পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক সাব্বির বিন শামস আটক, ৭ পাসপোর্ট উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
বিষয়টি শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাব্বির বিন শামসের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, আটক সাব্বির বিন শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি মামলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সাব্বির বিন শামস বিগত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার পদেও কর্মরত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।