বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে নানা আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার-ফেস্টুনসহ র্যালিতে অংশগ্রহণকারীদের উপস্থিতি পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মো. আরমান ভূঁইয়া, বিভিন্ন মৌজার হেডম্যান এবং স্থানীয় বাসিন্দারা।
সভায় বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার মতো পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ভূমি ব্যবস্থাপনাও আধুনিক প্রযুক্তিনির্ভর ও ডিজিটাল পদ্ধতির আওতায় আনা জরুরি। এতে ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে এবং সাধারণ মানুষ সহজে সেবা পাবে।
এছাড়া বক্তারা ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি, দুর্নীতি হ্রাস এবং একটি স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে মানুষের আস্থা বাড়বে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
মেলায় সাধারণ মানুষের জন্য নামজারি, ভূমি উন্নয়ন কর, জমাবন্দিসহ বিভিন্ন ভূমিসেবা বিষয়ে সরাসরি তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে এবং সহজে সেবা প্রাপ্তির পথ সুগম হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।