যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় মার্কিন ও স্থানীয় সশস্ত্র বাহিনীর এক বড় ধরনের যৌথ অভিযানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ১৭৫ জন সদস্য নিহত হয়েছে। গত ৩ দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে পরিচালিত বিমান ও স্থল অভিযানে এই ক্ষয়ক্ষতি হয়। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত মঙ্গলবার এক বিবৃতিতে নাইজেরীয় প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, গত ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত মাত্র ৩ দিনে মার্কিন ও নাইজেরীয় যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। সফল এই অভিযানে ১৭৫ জন আইএস সদস্যকে প্রতিহত করার পাশাপাশি গোষ্ঠীটির বেশ কয়েকটি কৌশলগত চেকপয়েন্ট, অস্ত্রাগার এবং লজিস্টিক সরবরাহ কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

এবারের অভিযানে জঙ্গিগোষ্ঠীটির শীর্ষ নেতৃত্বের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। গত ১৬ মে অভিযানের প্রথম দিনেই নিহত হন আবু বিলাল আল-মিনুকি, যাকে বিশ্বব্যাপী আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা বা ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে বিবেচনা করা হতো।

পরবর্তী দুই দিনে (১৭ থেকে ১৯ মে) অভিযানে প্রাণ হারায় আইএসের পশ্চিম আফ্রিকা শাখা ‘আইএসডব্লিউএপি’-এর অন্যতম শীর্ষ নেতা আবদ-আল ওয়াহাব, আবু মুসা আল-মাঙ্গাউই এবং আল-মিনুকির ঘনিষ্ঠ সহযোগী আবু আল মুথান্না আল মুহাজির।

২০১৮-১৯ সালের দিকে মধ্যপ্রাচ্যে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর পর আইএস আফ্রিকায় তাদের কার্যক্রম জোরদার করে। সেখানে তারা ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ নামে তৎপরতা চালাচ্ছে। সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা’-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে আইএসের মোট কার্যক্রমের প্রায় ৮৬ শতাংশই ঘটেছে আফ্রিকার দেশগুলোতে।

পশ্চিম আফ্রিকার বৃহত্তম দেশ নাইজেরিয়া বর্তমানে আইএসডব্লিউএপি, আল-কায়দা এবং স্থানীয় বোকো হারামপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এই গোষ্ঠীগুলো দেশটির বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল, যা নিয়ন্ত্রণে দেশটির সরকার বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে।

চলতি বছরের শুরুতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাইজেরিয়া সরকার যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে প্রায় ১০০ জন মার্কিন সামরিক কর্মকর্তা নাইজেরিয়ায় পৌঁছান। মূলত নাইজেরীয় সেনাবাহিনীকে উন্নত সামরিক প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হলেও, বিশেষ ও বড় ধরনের অভিযানে তারা নাইজেরীয় বাহিনীর সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন।

নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামালিয়া উবা সাফ জানিয়েছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং এসব সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *