টানা বর্ষণে বিপর্যস্ত বান্দরবান, তৃতীয় দফায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ সব পর্যটনকেন্দ্র
![]()
নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও বন্যা পরিস্থিতির কারণে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধের মেয়াদ আবারও বাড়িয়েছে জেলা প্রশাসন। তৃতীয় দফায় জারি করা নতুন গণবিজ্ঞপ্তিতে আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বৈরী আবহাওয়া, অতিবৃষ্টি, পাহাড়ধসের ঝুঁকি এবং জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ জুলাই প্রথম দফায় ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আবহাওয়ার উন্নতি না হওয়ায় ৯ জুলাই দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞার মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকা, নদ-নদীর পানি বৃদ্ধি, পাহাড়ধসের আশঙ্কা এবং যোগাযোগ ব্যবস্থার স্বাভাবিক অবস্থা ফিরে না আসায় তৃতীয় দফায় সেই মেয়াদ আরও বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণ বন্ধ থাকবে। জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে টানা বর্ষণে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধস, নদ-নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জেলার কয়েকটি উপজেলায় এখনো বন্যার প্রভাব রয়েছে এবং কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, দুর্যোগ পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রস্তুত রয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে প্রশাসন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।