মিজোরামে এইচপিসি(ডি)র দাবি বাস্তবায়ন পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক

মিজোরামে এইচপিসি(ডি)র দাবি বাস্তবায়ন পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক

মিজোরামে এইচপিসি(ডি)র দাবি বাস্তবায়ন পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মিজোরাম সরকার এইচমার পিপলস কনভেনশন (ডেমোক্রেটিক) বা এইচপিসি(ডি)-এর সঙ্গে স্বাক্ষরিত শান্তি চুক্তির আওতায় উত্থাপিত দাবিগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় উচ্চপর্যায়ের বৈঠক করেছে। সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এ বৈঠকে উত্তর ও উত্তর-পূর্ব মিজোরামের এইচমার অধ্যুষিত এলাকাগুলোর উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করেন কেএ সাপডাঙ্গা। এতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা লালমুয়ানপুইয়া পুনতে, স্বরাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র সচিব এবং সিআইডি (স্পেশাল ব্রাঞ্চ)-এর কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে এইচপিসি(ডি)-এর জমা দেওয়া দাবিপত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আত্মসমর্পণকারী সদস্যদের পুনর্বাসনের পাশাপাশি এইচমার অধ্যুষিত অঞ্চলে অবকাঠামো ও আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রস্তাবও গুরুত্ব পায়।

আলোচনায় সড়ক যোগাযোগ উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অতিরিক্ত সরকারি কার্যালয় স্থাপন, কৃষক ও ভূমিনির্ভর জীবিকার সহায়তা এবং কৃষিভিত্তিক শিল্পের প্রসারের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল।

সরকারি কর্মকর্তারা জানান, বেশ কয়েকটি দাবি বাস্তবায়নে একাধিক সরকারি দপ্তরের সমন্বয় প্রয়োজন হবে। এ কারণে সংশ্লিষ্ট বিভাগগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী পর্যালোচনার জন্য অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল মিজোরাম সরকার সানাতে নেতৃত্বাধীন এইচপিসি(ডি) গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে রাজ্যের শেষ সক্রিয় বিদ্রোহী আন্দোলনেরও অবসান ঘটে বলে দাবি করা হয়।

পরবর্তীতে ৩০ এপ্রিল আইজল সংলগ্ন সেসাওং এলাকায় আয়োজিত এক ‘হোমকামিং’ অনুষ্ঠানে সানাতে-সহ মোট ৪৩ জন এইচপিসি(ডি) সদস্য অস্ত্র সমর্পণ করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে মিজোরামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভিত্তিক সশস্ত্র সংগঠনের সঙ্গে শান্তি প্রক্রিয়া চালিয়ে আসছে ভারতীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক এই উদ্যোগকে রাজ্যের স্থিতিশীলতা ও উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *