বিএসএফকে ১৪২ একর জমি দিল শুভেন্দু সরকার, নির্মান হবে বেড়া ও নতুন আউটপোস্ট
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশের সীমান্তঘেঁষা ১৪২.৭৯ একর জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে সরকার গঠনের এক মাস না পেরোতেই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন এই বাহিনীর কাছে জমি হস্তান্তরের প্রক্রিয়ার অগ্রগতি করেছে বিজেপি।
বুধবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই তথ্য জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ওই জমিতে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিএসএফের নতুন আউটপোস্ট (সীমান্ত চৌকি) তৈরি করা হবে।
পোস্টে তিনি লেখেন, সীমান্ত সুরক্ষায় আরও নিবিড় পদক্ষেপ গ্রহণ করল বর্তমান রাজ্য সরকার। প্রাথমিক পর্বের পর আবারও বিএসএফকে নতুন পর্যায়ে জমি হস্তান্তর করায় মোট হস্তান্তরিত জমির পরিমাণ বেড়ে দাঁড়াল ১৪২.৭৯ একর। এই জমিতে বিএসএফ আউটপোস্ট ও কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে সীমান্ত এলাকা আরও সুরক্ষিত হবে।
একই সঙ্গে শুভেন্দু মনে করিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৪৫ দিনের মধ্যে মোট ৬০০ একর জমি হস্তান্তর করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল। সেই লক্ষ্য পূরণের পথে এই পদক্ষেপ ‘একটি বিশেষ মাইলফলক’ বলে লিখেছেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী।
তার দেওয়া জেলাভিত্তিক খতিয়ান অনুযায়ী, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই জমি হস্তান্তরের প্রক্রিয়া চলেছে। এর মধ্যে মুর্শিদাবাদে সর্বোচ্চ ৩৮.৮০৫ একর ও জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর জমি দেওয়া হয়েছে। এ ছাড়াও কোচবিহারে ২২.৯৫ একর, দক্ষিণ দিনাজপুরে ২০.১৭০১ একর, মালদহে ১০.৯০ একর, দার্জিলিংয়ে ৮.৮১৫ একর, উত্তর দিনাজপুরে ২.৮৪ একর, উত্তর ২৪ পরগনায় ২.৬ একর এবং নদিয়ায় ০.৫৫ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে।
কয়েক দিন আগেই প্রধান প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২৭ কিলোমিটার দীর্ঘ এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি দেওয়া হচ্ছে। এটার সূচনা হলো। রাজ্যের দেশপ্রেমিক জনগণ ও আমাদের দক্ষ কর্মকর্তারা কিছু দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করবেন এবং সহযোগিতা করবেন।
আগের সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতের মোট ৪০০০ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২২০০ কিলোমিটার। দেশের বাকি রাজ্যগুলোতে বিএসএফের চাহিদামতো জমি দেওয়া হলেও এই রাজ্যে ২২০০ কিলোমিটারের মধ্যে মাত্র ১৬০০ কিলোমিটারে কাঁটাতার রয়েছে। বাকি ৬০০ কিলোমিটারে কাঁটাতার দেওয়া যায়নি। রাজ্য সরকার চাইলেই আগে এই জমি দিতে পারত, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক কারণে তুষ্টিকরণের জন্য দেওয়া হয়নি।
সেসময় শুভেন্দু জানান, ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ করতে হবে, ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বিএসএফকে কতটা জমি দেওয়া হয়েছে, তা তুলে ধরলেন তিনি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।