নথি যাচাই শেষে প্রায় শতাধিক বাংলাদেশিকে বিজিবির কাছে সোপর্দ বিএসএফের
![]()
নিউজ ডেস্ক
উপযুক্ত নথিপত্র যাচাইয়ের পর প্রায় শতাধিক বাংলাদেশিকে বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশ ও দীর্ঘদিন ধরে বসবাসের অভিযোগ ছিলো। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের থ্রিডি নীতির (ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট) ফলে আজ তারাই বাংলাদেশে ফেরত যেতে সীমান্তে ভিড় জমিয়েছেন।
গত কয়েকদিন ধরেই এ চিত্র দেখা গেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার অন্তর্গত স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টে। এমনকি আজকের (শুক্রবার, ২৯ মে) চিত্রটাও একই রকম। এ দিন সকাল থেকে ভিড় জমিয়েছেন প্রায় শতাধিক বাংলাদেশি নাগরিক; অপেক্ষার প্রহর গুনছেন, কখন তারা দেশে ফিরবেন।
গত কয়েকদিনে আরও কয়েক শতাধিক মানুষ জড়ো হয়েছিলেন এ হাকিমপুর চেকপোস্টে। এরই মধ্যে তাদের বাংলাদেশের নাগরিকত্ব যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক প্রমাণিত হওয়ার পর, প্রায় শতাধিক বাংলাদেশিকে বিজিবি হাতে তুলে দিয়েছে বিএসএফ।
জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে তিনশোর বেশি বাংলাদেশি নাগরিককে স্থানীয় হোল্ডিং সেন্টারে রাখা হলেও ১০০ জনকে উপযুক্ত নথিপত্র যাচাই করে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশে হাতে তুলে দেয় বিএসএফ।
সীমান্তে অপেক্ষমান বাংলাদেশি নাগরিকরা স্বীকার করেছেন, রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল মারফত এদেশে ঢুকেছিলেন তারা। কেউ পরিচারিকা, কেউ শ্রমিকের কাজ করছিলেন। এমনকি ভুয়া নথি সংগ্রহ করে ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিলেন আর তা দেখিয়ে সরকারি সুযোগ-সুবিধাও পেয়ে আসছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।