পার্বত্য চট্টগ্রামে আত্মোৎসর্গকারী শহিদ সৈনিক তুজাম হোসেনের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সৈনিক তুজাম হোসেনের তৃতীয় শাহাদাত বার্ষিকী আজ (১ জুন)। দেশমাতৃকার সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা যায়, ২০২৩ সালের ২৯ মে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার থিনদলতে ত্লাং পাড়া এলাকায় পরিচালিত এক অভিযানে সৈনিক তুজাম হোসেনসহ সেনাবাহিনীর একটি দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর একটি সশস্ত্র ঘাঁটি দখল করতে সক্ষম হয়।
এর ধারাবাহিকতায় ১ জুন ২০২৩ তারিখে একই দল কেএনএ সন্ত্রাসীদের আরেকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি সিলোপি পাড়া অভিমুখে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সেনাদলটি সন্ত্রাসীদের অতর্কিত হামলার মুখে পড়ে। সে সময় স্কাউট হিসেবে অগ্রভাগে দায়িত্ব পালনরত সৈনিক তুজাম হোসেন গুরুতর আহত হন।
পরবর্তীতে তাঁকে দ্রুত হেলিকপ্টারযোগে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থা করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তিনি শাহাদাতবরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনী তাঁর অসামান্য সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর ‘সেনা গৌরব’ পদকে ভূষিত করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সৈনিক তুজাম হোসেনের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর বীরত্ব, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশমাতৃকার সেবায় তাঁর অবিচল নিষ্ঠা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশপ্রেম, কর্তব্যপরায়ণতা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী অভিযানে অংশগ্রহণকালে আত্মোৎসর্গকারী সেনাসদস্যদের স্মরণে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় তাদের অবদান ও বীরত্বগাঁথা তুলে ধরে থাকে। শহিদ সৈনিক তুজাম হোসেন সেই গৌরবোজ্জ্বল ধারার একজন বীর সেনানী হিসেবে স্মরণীয় হয়ে আছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।