ভূষণছড়া গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে পিসিসিপির শোকসভা ও দোয়া মাহফিল
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় ১৯৮৪ সালে সংঘটিত গণহত্যার বিচার দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। এ উপলক্ষে রবিবার (৩১ মে) আছরের নামাজের পর রাঙামাটি শহরের কাঠালতলী জামে মসজিদে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. তাজুল ইসলাম তাজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আরিয়ান রিয়াজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, ১৯৮৪ সালের ৩১ মে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম ভূষণছড়া এলাকায় পার্বত্য চট্টগ্রামের অন্যতম ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে। তাদের ভাষ্য অনুযায়ী, ওইদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত হামলায় জেএসএসের তৎকালীন সশস্ত্র শাখা শান্তিবাহিনীর হাতে চার শতাধিক বাঙ্গালি নিহত হন। এছাড়া লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ১ হাজার ৬০০ বাঙ্গালি পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বলে তারা উল্লেখ করেন।

শোকসভায় বক্তারা অভিযোগ করেন, ঘটনার চার দশকেরও বেশি সময় পার হয়ে গেলেও এ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি, দায়ীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে এখনো বিভিন্ন ধরনের সহিংসতা, হত্যা, অপহরণ, গুম ও চাঁদাবাজির ঘটনা ঘটছে বলে তারা মনে করেন। এসব ঘটনার প্রতিকার এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বক্তারা ভূষণছড়া গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার, অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান এবং নিরাপত্তা জোরদারের দাবি জানান।
শোকসভা শেষে ১৯৮৪ সালের ভূষণছড়া ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।