চীন সীমান্তে মিয়ানমারের গ্রামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫
![]()
নিউজ ডেস্ক
মিয়ানমারের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, খনিতে ব্যবহারের জন্য মজুত করে রাখা বিস্ফোরক দ্রব্যের দুর্ঘটনাবশত বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
চীন সীমান্তবর্তী ওই গ্রামটি বর্তমানে তা’অং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে। গোষ্ঠীটি বর্তমানে মিয়ানমার সামরিক বাহিনীর সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে রয়েছে। এক বিবৃতিতে তারা গ্রামটিতে হতাহতের খবর নিশ্চিত করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।
তবে স্থানীয় সংবাদমাধ্যম শোয়ে ফি ম্যায় নিউজ এজেন্সি জানিয়েছে, এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। এছাড়া আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বিদ্রোহী গোষ্ঠীটির রাজনৈতিক শাখা পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট (টিএনএলএ) জানায়, এই ভয়াবহ বিস্ফোরণের ফলে যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত করা হচ্ছে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।