মোদির সঙ্গে মিন অং হ্লাইং'র বৈঠকে ভারত-মিয়ানমার সহযোগিতা জোরদারে ঐকমত্য

মোদির সঙ্গে মিন অং হ্লাইং’র বৈঠকে ভারত-মিয়ানমার সহযোগিতা জোরদারে ঐকমত্য

মোদির সঙ্গে মিন অং হ্লাইং'র বৈঠকে ভারত-মিয়ানমার সহযোগিতা জোরদারে ঐকমত্য
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারত ও মিয়ানমার বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ অবকাঠামো, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং-এর মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি মিয়ানমারে শান্তি ও সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারতের সহযোগিতার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি ফেডারেল শাসনব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে ভারতের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইংয়ের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে দুই দেশ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত-মিয়ানমার অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, উন্নয়ন সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা এবং সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও জানান, ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির আলোকে ভারত মিয়ানমারের বিশ্বস্ত প্রতিবেশী, নির্ভরযোগ্য অংশীদার এবং সংকটকালে সহায়তাকারী দেশ হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে। পাশাপাশি মিয়ানমারে শান্তি ও সংলাপ প্রতিষ্ঠার প্রচেষ্টায় ভারত সহযোগিতা করতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেন।

সোমবারই প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-এর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া তিনি রাজধানীর একটি সাংস্কৃতিক কমপ্লেক্সে আয়োজিত বৌদ্ধ ধর্মীয় নিদর্শনভিত্তিক প্রদর্শনী ‘দ্য লাইট অ্যান্ড দ্য লোটাস: রেলিক্স অব দ্য অ্যাওয়েকেন্ড ওয়ান’ পরিদর্শন করবেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ইউ মিন অং হ্লাইংয়ের প্রথম ভারত সফর। পাঁচ দিনের এ সফরে তিনি মুম্বাইয়ে ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। তার সঙ্গে একাধিক মন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং শিল্পপতিদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ভারত সফর করছে।

এর আগে রোববার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নয়াদিল্লিতে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ৩০ মে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর-ও তার সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে ইতিবাচক অগ্রগতির প্রশংসা করেন।

পাঁচ দিনের সফরের শুরুতে শনিবার প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং বিহার রাজ্যের মহাবোধি মন্দির পরিদর্শন করেন এবং সেখানে প্রার্থনায় অংশ নেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমার ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির গুরুত্বপূর্ণ অংশ। ইউ মিন অং হ্লাইংয়ের এ সরকারি সফর দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *