বৈষম্য নিরসনের দাবিতে রাঙামাটিতে বড়ুয়া জনগোষ্ঠীর মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান এবং তাদের সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বড়ুয়া সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙামাটি জজ কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ আলম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রবি বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা, সরকারি চাকরি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে বড়ুয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়ে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়াদের উন্নয়ন, প্রতিনিধিত্ব এবং অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ উদ্যোগের অভাব রয়েছে বলে তারা দাবি করেন।

মানববন্ধন থেকে বক্তারা আগামী জাতীয় বাজেটে পার্বত্য অঞ্চলের বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান। পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে তিন পার্বত্য জেলা থেকে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা এবং বড়ুয়া জনগোষ্ঠীর জন্য পৃথক কোটা সংরক্ষণের দাবিও উত্থাপন করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্রীয় অগ্রযাত্রায় সকল সম্প্রদায়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বড়ুয়া জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।