বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চেকপোস্টে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
![]()
নিউজ ডেস্ক
বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে আদর্শগ্রাম চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৬ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটককৃত নারী মাহমুদা খাতুন (৬২) কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার মৃত নুরুল হকের স্ত্রী বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় সকাল ১০টার দিকে আদর্শগ্রাম চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এ সময় চেকপোস্ট দিয়ে অতিক্রম করা এক নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তার সঙ্গে থাকা দুটি কার্টন তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। কার্টনের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেন বিজিবি সদস্যরা। ঘটনাস্থলেই ওই নারীকে আটক করা হয়।
বিজিবি জানিয়েছে, আটককৃত নারী ও উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকগুলো সীমান্ত এলাকা থেকে দেশের অভ্যন্তরে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তপথে কোনো ধরনের অবৈধ পণ্য যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহল, চেকপোস্ট তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় মাদক পাচারকারীদের তৎপরতা অনেকাংশে বাধাগ্রস্ত হচ্ছে। সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে মনে করছেন তারা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।