বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি, তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
বান্দরবান পৌরসভার বালাঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৭ জুন) সকালে বালাঘাটা এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে জাবেদ রেজা বলেন, দুর্যোগ, বিপর্যয় ও মানবিক সংকটের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দলীয় নেতাকর্মীদের ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে তাদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

জাবেদ রেজা আরও বলেন, যারা অগ্নিকাণ্ডে বসতঘর, আসবাবপত্র ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী হারিয়েছেন, তাদের পুনর্বাসনের বিষয়েও বিএনপি গুরুত্বসহকারে বিবেচনা করছে। দলের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা প্রদান করা হবে।
এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাসসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, অগ্নিকাণ্ডে তাদের অনেকেই সর্বস্ব হারিয়েছেন। এমন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সাহস জোগাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকালে বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০টি বসতঘর পুড়ে যায় এবং কয়েকটি পরিবার সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের প্রায় সব মালামাল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক সংগঠন তাদের সহায়তায় এগিয়ে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।