সিন্দুকছড়ি জোনে মতবিনিময় সভা, সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয়
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় সিন্দুকছড়ি জোন সদরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল সামস আজিজী।
সভায় পাহাড়ি জনপদের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন গুইমারা থানার এসআই সোহেল রানা, মানিকছড়ি থানার এসআই আব্দুস সালাম, রামগড় থানার এসআই রায়হান আহম্মেদ, মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান, গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ, গুইমারা উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম, মানিকছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক সেবন ও মাদক ব্যবসা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ, অবৈধ মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইসমাইল সামস আজিজী বলেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনী সবসময় স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমন এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা আন্তরিক রয়েছে।
তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত জনপদ গড়ে তোলা সম্ভব।
সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং স্থানীয় উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।