রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সনাকের নেতৃবৃন্দ অংশ নেন।
“শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি সনাকের সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান, সীমা দেওয়ানসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিরসনে বিভিন্ন জাতীয় নীতি, আইন এবং আন্তর্জাতিক অঙ্গীকার থাকলেও বাস্তবতায় এখনও বিপুল সংখ্যক শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও শ্রমঘন কাজে নিয়োজিত রয়েছে। দারিদ্র্য, শিক্ষার সুযোগের সীমাবদ্ধতা, সামাজিক সচেতনতার অভাব এবং কর্মসংস্থানের সংকট শিশুশ্রম বৃদ্ধির অন্যতম কারণ।
তারা আরও বলেন, শিশুশ্রম নিরসনে সরকার জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করলেও বাস্তবায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, পর্যাপ্ত তদারকির ঘাটতি এবং দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতার কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন সম্ভব হচ্ছে না।
বক্তারা শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গঠনে আইন কঠোরভাবে প্রয়োগ, দরিদ্র পরিবারের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, শিশুদের বিদ্যালয়ে ধরে রাখা এবং প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধন থেকে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তরের মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।