মানবিক সহায়তা ও সবুজায়নে সেনাবাহিনীর বহুমুখী উদ্যোগে উপকৃত পার্বত্যবাসী
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে মানবিক সহায়তা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্প্রতি বিভিন্ন এলাকায় বীজ বিতরণ, চিকিৎসা সেবা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি ও লক্ষীছড়ি জোনের উদ্যোগে ৪৭ জন পাহাড়ি এবং ১২ জন বাঙ্গালি প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের শস্যবীজ বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে।

কৃষকরা সেনাবাহিনীর এই উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।
একই দিনে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের আলীকদম জোনের ব্যবস্থাপনায় কুরুকপাতা মৈত্রী বিদ্যালয় এলাকায় একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রায় ৩০০ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণ উল্লেখযোগ্য উপকার লাভ করেন।

অন্যদিকে, ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক আয়োজিত চক্ষু চিকিৎসা কার্যক্রমের ধারাবাহিকতায় ১৭ জুন মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলো-আপ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এর আগে ৮ জুন আয়োজিত চক্ষু ক্যাম্পে যেসব রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছিল, তাদের স্বাস্থ্যগত অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি নতুন ছানি আক্রান্ত রোগীদেরও শনাক্ত করা হয়, যা ভবিষ্যতে তাদের চিকিৎসা নিশ্চিত করার পথ সুগম করবে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে একই দিনে খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিকভাবে উপকারী বৃক্ষরোপণে জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নিরাপত্তা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এসব উদ্যোগ পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করেছে। মানবিক সহায়তা, চিকিৎসাসেবা ও পরিবেশ সংরক্ষণে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।