দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন, খেলাধুলায় সম্প্রীতির বার্তা
![]()
নিউজ ডেস্ক
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং পার্বত্য এলাকায় পাহাড়ি ও বাঙ্গালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ (১৯ জুন) দুপুরে দীঘিনালা মিনি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন।
জানা যায়, টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। আগামী ১৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারী দলগুলো শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

আয়োজকরা জানিয়েছেন, নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ১৪ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, ১৭ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ এবং বিপুল সংখ্যক দর্শক। তাঁদের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাঠের খেলা শুরু হয়। স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন ক্রীড়া উৎসবে পরিণত হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পার্বত্য চট্টগ্রামে সামাজিক বন্ধন সুদৃঢ় করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে যুবসমাজকে খেলাধুলামুখী করতে এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সেনাবাহিনীর বিভিন্ন জোন নিয়মিতভাবে ক্রীড়া ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।