শান্তি আলোচনা স্থগিত, যুদ্ধের প্রস্তুতির কথা জানাল ইরান

শান্তি আলোচনা স্থগিত, যুদ্ধের প্রস্তুতির কথা জানাল ইরান

শান্তি আলোচনা স্থগিত, যুদ্ধের প্রস্তুতির কথা জানাল ইরান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানির ঘটনায় ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। দুদিন আগে ১৪ দফা শর্তে উভয় পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল। অন্তর্বর্তীকালীন ওই চুক্তি-পরবর্তী পদক্ষেপ নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগ মুহূর্তে পূর্বনির্ধারিত এই বৈঠক স্থগিত করা হলো।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এক মার্কিন কর্মকর্তা জানান যে, ইসরায়েল ও ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ সংঘাতে লিপ্ত থাকায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার জেনেভা সফর স্থগিত করেছেন। তবে আলোচনা ‘স্থগিত’ হলেও ‘বাতিল’ করা হয়নি বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দেশটির নেতৃত্ব ও কর্মকর্তাদের পাশে থাকার পাশাপাশি আলোচনা ভেস্তে গেলে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির বার্তার পর আইআরজিসি জানিয়েছে, তারা ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের পাশে থাকবে। তবে, তাদের ভাষায় শত্রুপক্ষ ইরানের অধিকার লঙ্ঘন করলে তারা সামরিক ব্যবস্থা নিতেও প্রস্তুত বলে সতর্ক করেছে।

সর্বোচ্চ নেতা ও সর্বাধিনায়ক খামেনিকে সম্বোধন করে দেওয়া এক বিবৃতিতে তার বার্তার উচ্চ প্রশংসা করেছে আইআরজিসি। বাহিনীটি বলেছে, এই বার্তা অভ্যন্তরীণ ঐক্যকে শক্তিশালী করছে, বাহিনীর মনোবল বাড়াচ্ছে ও ইসলামি প্রজাতন্ত্রের দাবি পূরণে রাজনৈতিক নেতাদের সমর্থন জোগাচ্ছে।

আইআরজিসি এই সমঝোতা স্মারক ও ভবিষ্যৎ আলোচনাকে সামরিক চাপের ফল হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলেছে, শত্রুপক্ষ এখন ইরানের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে সরে এসে বোঝাপড়া ও আলোচনার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি জনগণ ও সামরিক বাহিনী আশা করে যে, কূটনীতি যুদ্ধক্ষেত্রের সাফল্যকে এগিয়ে নিয়ে যাবে এবং ইরানের অধিকার পূরণের পথ প্রশস্ত করবে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘প্রিয় জাতি ও ইসলামের যোদ্ধারা তাদের রাষ্ট্রনায়কদের পেছনে পর্বতের মতো অটলভাবে দাঁড়িয়ে আছে। আর যদি বিশ্বাসঘাতক শত্রু অতীতের মতো এবারও বাড়াবাড়ি দাবি করতে এবং ইরানি জাতির অধিকার লঙ্ঘন করতে চায়, তবে ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনী স্থলে, সমুদ্রে, আকাশে এবং হাইব্রিড যুদ্ধের সকল রণাঙ্গনে আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে এবং একাধিক যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সাহসী ও বিচক্ষণ সেনাপতির সামান্যতম সংকেতেই তাদের ওপর আরও বড় এক ঐতিহাসিক পরাজয় চাপিয়ে দিতে প্রস্তুত।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *