সীমান্তের দুর্গম জনপদে বিজিবির মানবিক সেবা: নলকূপ স্থাপন, চিকিৎসা ও শিক্ষা সহায়তা বিতরণ
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনপদে বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত, স্বাস্থ্যসেবা প্রদান এবং শিক্ষার্থীদের শিক্ষা সহায়তায় মানবিক কার্যক্রম পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২১ জুন) বিজিবির লোগাং জোনের উদ্যোগে জগৎ মোহন ত্রিপুরা পাড়ায় একটি নলকূপ স্থাপন করা হয়, যা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে থাকা স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।
একই দিনে ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়ন এবং মৌলিক সেবা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পও পরিচালনা করা হয়।
এতে মেডিকেল অফিসার মেজর মো. নাইমুল মুশফিক নাঈম এবং চিকিৎসক ডা. ফজলুল বারী জিহানের তত্ত্বাবধানে শতাধিক অসহায় ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন চাকমা বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলে বিজিবির এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশুদ্ধ পানি, চিকিৎসা ও শিক্ষা সহায়তা স্থানীয় জনগণের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।”
স্থানীয় বাসিন্দারাও বিজিবির এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তুলছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।