লামার নাজিরাম ত্রিপুরা পাড়ার ভূমি বেদখলের অভিযোগে বান্দরবানে বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ায় ভূমি বেদখল ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে বান্দরবান শহরে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র ভুয়া জমির দলিল তৈরি করে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের নাজিরাম ত্রিপুরা পাড়ার ভূমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, ওই চক্র শুধু ভূমি দখলের চেষ্টা করেই ক্ষান্ত হয়নি, বরং দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় পাড়াবাসীর ওপর হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটিয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে সমাবেশে অভিযোগ করা হয়।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পার্বত্য এলাকায় বাণিজ্যিক লিজের আড়ালে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে উচ্ছেদের অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, বিভিন্ন কৌশলে ভূমি দখলের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পার্বত্য অঞ্চলের মানুষের ভূমি অধিকার হুমকির মুখে পড়ছে।
সমাবেশ থেকে জেলা প্রশাসনের প্রতি পাহাড়ে বাণিজ্যিক লিজ প্রদানের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি ভুয়া দলিল তৈরি, ভূমি বেদখলের চেষ্টা, অগ্নিসংযোগের অভিযোগ এবং পাড়াবাসীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং ভূমি অধিকার রক্ষার পক্ষে স্লোগান দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।