১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি, অপেক্ষায় আরও ১,৮০০- শুভেন্দু
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে ফের কঠোর অবস্থানের কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার (২৩ জুন) বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ করছে।
শুভেন্দু অধিকারী বলেন, যারা প্রকৃত ভারতীয় নাগরিক, তারা যে ধর্মেরই হোন না কেন, তাদের কোনও আতঙ্কের কারণ নেই। কিন্তু যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন, তাদের চিহ্নিত করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।
তিনি দাবি করেন, এখনও পর্যন্ত ১০ হাজার অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করা হয়েছে। ১২টি হোল্ডিং সেন্টারে আরও প্রায় ১,৮০০ জনকে রাখা হয়েছে। প্রতিদিন তাদের ওপারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, অবৈধ অনুপ্রবেশকারীদের কোনও সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। তিনি বলেন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এই বিষয়টি মেনে নেওয়া হবে না। বাংলার নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।
সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে আগের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তার অভিযোগ, তৎকালীন সরকার বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি, বরং বিএসএফের বিরুদ্ধে প্রচার করা হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত ১৪২.৭৯ একর জমি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ শেষ হবে।
এরপরই শুভেন্দু বলেছেন, যেসব অনুপ্রবেশকারী এখনও ভারতে রয়েছেন, তারা কাঁটাতারের বেড়া দেওয়ার আগে পালাতে চাইলে পালিয়ে যান। হাকিমপুর সীমান্ত দিয়ে অনেকেই পালিয়েছে।
এদিন কলকাতার পার্ক সার্কাস সংলগ্ন এলাকার নাম পরিবর্তনের প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। ‘সোহরাওয়ার্দি এভিনিউ’-এর নাম বদলের পক্ষে সওয়াল করে তিনি বলেন, ইতিহাসের বিতর্কিত ব্যক্তিদের নামে রাস্তার নাম রাখা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ড. এপিজে আবদুল কালামের মতো দেশপ্রেমীদের যথাযথ সম্মান দেওয়ার কথাও বলেন তিনি।
সংখ্যালঘু উন্নয়নের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন শুভেন্দু। তার অভিযোগ, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়নের বদলে আগের সরকার ভোটের রাজনীতি করেছে। তিনি প্রশ্ন তোলেন, কেন সংখ্যালঘু পড়ুয়াদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় আরও বেশি করে যুক্ত করা হয়নি।
দুর্নীতি ইস্যুতেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তোলাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি নষ্টকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে তোলার জন্য নতুন আইন আনার কথাও জানান তিনি।
শুভেন্দুর স্পষ্ট বার্তা, বাংলার নিরাপত্তা ও সীমান্ত রক্ষার ক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে রাজ্য সরকারের অবস্থান অনড়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।