কক্সবাজারের পেকুয়ায় অস্ত্র-কার্তুজসহ দুই জলদস্যু আটক
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের পেকুয়ায় দেশীয় ২টি তৈরি বন্দুক ও তাজা কার্তুজসহ দুই সন্দেহভাজন জলদস্যুকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) সকালে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া গ্রামের বিছাখালী বাহিরের ঘোনা নামক জলমহাল এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিল এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম (৩৭) এবং চকরিয়া উপজেলার মাতামুহুরী এলাকার বদরখালী ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
স্থানীয়দের বরাতে ওসি মেহেদী হাসান বলেন, ভোরে উজানটিয়ার বিছাখালী এলাকার একটি জলমহালের পাশে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তি ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে অবস্থান করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চারদিক থেকে ঘেরাও করে দুইজনকে আটক করেন। পরে তাদের তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি (বন্দুক), ১৫টি শটগানের খালি খোসা এবং দুইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি বলেন, খবর পেয়ে পেকুয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র, কার্তুজ এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত ছোট নৌকাটি জব্দ করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।