বান্দরবানে সেনাবাহিনীর সহায়তায় বৃদ্ধ কারবারির চোখে ফের আলোর হাসি, খাদ্যসামগ্রী পেল পরিবার
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়নের উদ্যোগে অসুস্থ এক বৃদ্ধ কারবারিকে চিকিৎসাসেবা প্রদান এবং তার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইকরামের উপস্থিতিতে বৃদ্ধ কারবারি আন্তহা কারবারিকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।
একই সঙ্গে তার পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।
জানা গেছে, গত ২২ জুন জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া বান্দরবানের লংলাইপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনে গেলে ৮৪ বছর বয়সী আন্তহা কারবারি চোখের চিকিৎসার জন্য আবেদন জানান। বিষয়টি অবহিত হওয়ার পর জিওসি তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসাসেবা নিশ্চিত করতে বান্দরবানের এমডিএসে প্রেরণের নির্দেশ দেন।
পরবর্তীতে বান্দরবান রিজিয়নের ব্যবস্থাপনায় সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের মাধ্যমে আন্তহা কারবারিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।
চিকিৎসাসেবার পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তহা কারবারির পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা রক্ষায় নয়, বরং চিকিৎসাসেবা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেক অসহায় মানুষ সময়মতো চিকিৎসা পান না। এ ধরনের মানবিক উদ্যোগ তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক আস্থা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।