আনসার-ভিডিপির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও বেসবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা ও প্রাইজমানি প্রদান এবং ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনে দক্ষ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে আনসার-ভিডিপি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, কৃতি খেলোয়াড়দের এই সম্মাননা তাদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ ও দেশপ্রেমের যথার্থ স্বীকৃতি এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় আরও উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে কাবাডি, উশু, বক্সিং, টেবিল টেনিস, কারাতে, ভলিবল, ব্যাডমিন্টন ও ভারোত্তোলনসহ বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২৩ জন খেলোয়াড়ের হাতে সম্মাননা ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ৯ম জাতীয় বেসবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। তিনি দেশে বেসবল খেলার বিকাশে আনসার-ভিডিপির ধারাবাহিক অবদানের প্রশংসা করেন এবং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ বেসবল দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার তরুণ প্রজন্মের মেধা, শৃঙ্খলা ও সুস্থ মানসিক বিকাশে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিচ্ছে। বেসবলের মতো সম্ভাবনাময় খেলাকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ক্রীড়া মাদকমুক্ত, শৃঙ্খলাবদ্ধ ও মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গঠনের অন্যতম কার্যকর মাধ্যম। তিনি জানান, বিকেএসপির সহযোগিতায় আনসার-ভিডিপি তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট ও উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেল, ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, খেলোয়াড় ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে ক্রীড়া উন্নয়ন, প্রতিভা লালন এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা ও জাতীয় বেসবল টুর্নামেন্ট আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীর বহুমাত্রিক অবদানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।