বাংলাদেশে পাচারের চেষ্টাকালে দুই শতাধিক ফোনসহ পশ্চিমবঙ্গে ৪ ভারতীয় গ্রেপ্তার
![]()
নিউজ ডেস্ক
ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ফোন জব্দ করেছে ভারতীয় পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের মালদার হাবিবপুরে যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ রুপি মূল্যের দুই শতাধিক মোবাইলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা সবাই ভারতীয় নাগরিক। তারা হলেন— বিনয় সরেন, সুভাকর সরেন, প্রভাকর সরেন ও মুন্সী সরেন। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার হাবিবপুর থানার জাজইল অঞ্চলের সূচল মহম্মদপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৮ জুন) মালদার হাবিবপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নামিদামি বিভিন্ন ব্র্যান্ডের ২১৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, হাবিবপুর সীমান্তসংলগ্ন একটি বাড়িতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোবাইলগুলো মজুত করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করে এবং পাচারকারীদের আটক করে।
উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর বাজারমূল্য প্রায় ৪০ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৯ জুন) গ্রেপ্তার চারজনকে মালদা জেলা আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডে নেয় পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।