টানা বর্ষণে পাহাড়ধস, সাময়িকভাবে বিচ্ছিন্ন থানচি; সড়ক সচলে কাজ করছে সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও নীল দিগন্ত পর্যটনকেন্দ্রের মধ্যবর্তী এলাকায় পাহাড়ধসের ঘটনায় থানচির সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (৬ জুলাই) সকালে পাহাড়ের মাটি ধসে সড়কের ওপর পড়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করেন। ভারী যন্ত্রপাতি ও প্রয়োজনীয় জনবল নিয়ে ধসে পড়া মাটি সরিয়ে দ্রুততম সময়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং যত দ্রুত সম্ভব সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা হবে।
তিনি আরও জানান, টানা বর্ষণের কারণে জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়েছে। এ অবস্থায় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন ছাড়া পাহাড়ি সড়কে চলাচল না করারও পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ধসের কারণে থানচিমুখী ও বান্দরবানমুখী বেশ কয়েকটি যানবাহন সড়কের দুই পাশে আটকা পড়েছে। সড়ক সচল না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।