লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্র ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার সকালে উপজেলার ইসলামবাদ নাজিম টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাইট্টাপাড়া বাজার থেকে দীঘিনালাগামী একটি অটোরিকশা ইসলামবাদ নাজিম টিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।
রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছর বয়সী শিশু রিফাতের মৃত্যু হয়। আহত অপর পাঁচজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
লংগদু অটোরিকশা মালিক সমিতির সভাপতি দুলাল জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক বরকত তাদের সমিতির সদস্য নন। তিনি সম্প্রতি নতুন গাড়ি কিনে সড়কে চালানো শুরু করেছেন। বিষয়টি সমিতিকে অবহিত করেছিলেন। তিনি আরও জানান, গাড়ি কেনার দিনই সেটি একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। তবে বর্তমান দুর্ঘটনার পর সমিতির পক্ষ থেকে আহতদের খোঁজখবর নেওয়া হচ্ছে।
মাহিন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন বলেন, সকালে চালক নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেন। পরে ইসলামবাদ নাজিম টিলা এলাকায় দুর্ঘটনার খবর তারা জানতে পারেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দের চেষ্টা চলছে। এ পর্যন্ত নিহত শিশুর স্বজনদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শওকত আকবর খান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। আহত আরও পাঁচজন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।