রাঙামাটিতে গাছচাপায় প্রাণ গেল এক ব্যক্তির, টানা বর্ষণে পাহাড়ধসের শঙ্কায় প্রশাসনের সতর্কতা
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণের মধ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ধসে পড়া একটি গাছের চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সঙ্গে ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লাইল্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম লক্ষী বিলাস চাকমা (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢাল নরম হয়ে পড়েছিল। সকালে বাড়ির পাশে ধসে পড়া একটি মরা গাছের গোড়া ও আশপাশের মাটি পরিষ্কার করতে গেলে হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। উপজেলা প্রশাসনও ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে রাঙামাটিজুড়ে পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকেই জেলা প্রশাসন, পৌরসভা ও ফায়ার সার্ভিস যৌথভাবে মাইকিং করে মানুষকে সতর্ক করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই পরিস্থিতি আরও খারাপ না হওয়া পর্যন্ত বাড়ি ছাড়তে অনাগ্রহ প্রকাশ করেছেন।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রশাসন জনগণকে অপ্রয়োজনে পাহাড়ি ঢাল, ঝুঁকিপূর্ণ এলাকা ও পাহাড় কেটে তৈরি বসতিতে অবস্থান না করার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।