গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী, সেনাসদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া-২০২৬-এর অংশ হিসেবে মানিকগঞ্জের সিংগাইরে স্থাপিত একটি অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুতক্ষিরা এলাকার মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগানে সাভার সেনানিবাসের অধীন ৮ বীর-এর স্থাপিত অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর সক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ থেকে ১৪ জুলাই পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া-২০২৬ দেশব্যাপী বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে। এ মহড়ার মাধ্যমে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি, সমন্বিত যুদ্ধকৌশল এবং বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।