মহালছড়িতে বন্যার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে বন্যার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মহালছড়িতে বন্যার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এতে হাজারো মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।

শনিবার (১১ জুলাই) মহালছড়ি জোনের উদ্যোগে বন্যাকবলিত ও পানিবন্দি মানুষের জন্য ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। একই সঙ্গে অসুস্থ ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম ইঞ্জিনচালিত নৌকাযোগে বিভিন্ন প্লাবিত এলাকায় গিয়ে রোগীদের চিকিৎসা প্রদান করছে। বন্যার কারণে যেসব মানুষ স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারছেন না, তাদের বাড়ির কাছাকাছি গিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

মহালছড়ি জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন বলেন, বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি বলেন, “যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে পারছেন না, আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের ভাষ্য, দুর্গম ও পানিবন্দি এলাকায় পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

সেনাবাহিনী জানায়, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। পার্বত্য চট্টগ্রামেও সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতেও মহালছড়ি সেনা জোনের সদস্যরা নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন, যা স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *