দুর্গম কুরুকপাতায় ২০০ বন্যাদুর্গত পরিবার পেল সেনাবাহিনীর জরুরি ত্রাণ সহায়তা
![]()
নিউজ ডেস্ক
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থান ও ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার কারণে যেখানে ত্রাণ পৌঁছে দেওয়া ছিল বড় চ্যালেঞ্জ, সেখানে মানবিক উদ্যোগ নিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন।
আলীকদম উপজেলা প্রশাসনের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও তত্ত্বাবধানে আলীকদম জোনের মেন্দনপাড়া আর্মি ক্যাম্পের উদ্যোগে কুরুকপাতা ইউনিয়নের দুর্গম বন্যাকবলিত এলাকায় ২০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ এবং সীমিত যোগাযোগ ব্যবস্থাকে উপেক্ষা করে সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণের মাধ্যমে দুর্গত পরিবারগুলোর জরুরি খাদ্যসংকট লাঘবে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম মানবিক দায়িত্ব। দুর্গম অঞ্চলের মানুষ যেন প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আলীকদম সেনা জোন সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সকল মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ত্রাণ গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্গম এলাকায় সময়োপযোগী এই ত্রাণ সহায়তা সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলীকদম জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, উদ্ধার কার্যক্রমসহ অন্যান্য মানবিক সহায়তা অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগে মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতেও বাংলাদেশ সেনাবাহিনী আগের মতোই নিরলসভাবে কাজ করে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।