‘বৃক্ষরোপণে সাজাই দেশ’ প্রতিপাদ্যে নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন
![]()
নিউজ ডেস্ক
দেশব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
রোববার (১২ জুলাই) নৌবাহিনী সদর দপ্তরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ অভিযানের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ৯ জুলাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব নৌঘাঁটি, নৌ স্থাপনা এবং উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হবে।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী কার্যকর ভূমিকা পালন করে যাবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।