মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ‘মিন্টু বাহিনীর’ প্রধান আটক
![]()
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ কুখ্যাত ‘মিন্টু বাহিনীর’ প্রধান ইমাম হোসেন মিন্টু (৩৮)কে আটক করা হয়েছে। আটক ইমাম হোসেন মিন্টু মহেশখালীর হোয়ানক এলাকার বাসিন্দা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টার দিকে হোয়ানকের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এদিন বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, বাহারছড়া, ইনানী, কক্সবাজার ও মহেশখালীর সমন্বয়ে পরিচালিত অভিযানে মিন্টু বাহিনীর আস্তানায় অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচটি দেশীয় একনলা বন্দুক, নয়টি দেশীয় পিস্তল, একটি বিদেশি পিস্তলের ম্যাগাজিন, ২০ রাউন্ড তাজা গুলি, ১২ রাউন্ড তাজা কার্তুজ, চার রাউন্ড ফাঁকা কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, তিন লিটার দেশীয় মদ এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, তিনি দীর্ঘদিন ধরে ‘মিন্টু বাহিনীর’ প্রধান হিসেবে জলদস্যুতা, ডাকাতি, পর্যটকদের ওপর হামলা, অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা রয়েছে।
তিনি আরও জানান, মিন্টুর গ্রেপ্তারের মাধ্যমে উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ চক্রের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য এসেছে। বাহিনীর অন্য সদস্যদের আটকে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।