অবৈধভাবে টিলা কাটায় খাগড়াছড়িতে ৫০ হাজার টাকা জরিমানা
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে অবৈধভাবে টিলা কেটে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মো. শাহজাহানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় টিলা কেটে অবৈধভাবে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাবীন। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে মাটি উত্তোলনের ফলে পরিবেশ, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে এ ধরনের কর্মকাণ্ড পাহাড় ধসের ঝুঁকি বাড়িয়ে জননিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যারা অবৈধভাবে পাহাড় বা টিলা কেটে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।