অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারীসহ তিনজন আটক
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের থানচি উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের এক বাংলাদেশি সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের থানচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সীমান্তবর্তী বংকুপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের দুই নারী নাগরিক ও তাদের বাংলাদেশি সহযোগীকে আটক করেন। পরে রাতেই তাদের থানচি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের বিরুদ্ধে বিদেশি আইন, ১৯৪৬-এর ১৩ ও ১৪ ধারায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলা শেষে শুক্রবার তাদের আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন— মিয়ানমারের মংডু উপজেলার বাসিন্দা মা তুন যং ম্রো (২০), মা তুন ইয়াং ম্রো (২১) এবং তাদের বাংলাদেশি সহযোগী থানচি উপজেলার সদর ইউনিয়নের ওয়াক চাক্কুপাড়া গ্রামের বাসিন্দা মুয়ই ম্রো (৪৬)। তিনি থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রোর আপন ছোট ভাই।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার বলেন, “সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও এ-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।”
সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রাখতে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।