বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের কিস্তি স্থগিতের নির্দেশনা বাস্তবায়নে বান্দরবানে সমন্বয় সভা
![]()
জার্নাল প্রতিবেদক
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, ত্রাণ কার্যক্রম জোরদার এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে মানবিক সহায়তা নিশ্চিত করতে বান্দরবানে এনজিওগুলোর সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
সভায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর সাম্প্রতিক সার্কুলারের আলোকে বন্যাকবলিত মানুষের জন্য করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণসামগ্রী বিতরণ, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্রঋণ গ্রহীতাদের আগামী তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখা, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ প্রদান এবং গ্রাহকদের সঞ্চয়ের অর্থ দ্রুত ফেরত দেওয়ার বিষয়ে এমআরএর নির্দেশনা বাস্তবায়নে জেলার কর্মরত এনজিওগুলোর প্রতি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও (এনজিও) আরও সমন্বিত ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার কর্মরত সাংবাদিকরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।