পাহাড় ধসে ঝুঁকিতে নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
![]()
জার্নাল প্রতিবেদক
টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির নানিয়ারচর উপজেলার নানিয়ারচর পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যালয়ের একতলা ভবনের নিচের মাটি ধসে যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচের অংশের মাটি সরে গিয়ে বড় ধরনের ফাঁকা সৃষ্টি হয়েছে। এছাড়া বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত টয়লেটের সেফটি ট্যাংকের নিচের মাটিও ধসে যাওয়ায় সেটিও ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও বড় ধরনের পাহাড় ধসের ঘটনায় বিদ্যালয় ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তাও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
বিদ্যালয়ের শিক্ষক মো. আজিজ বলেন, “ভারী বর্ষণের কারণে বিদ্যালয় ভবনের নিচের মাটি ধসে যেতে শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। প্রতিদিনই ধসের পরিমাণ বাড়ছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ বলেন, বিদ্যালয়ের মাটি ক্ষয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ বিষয়ে একটি প্রতিবেদনও ঢাকায় পাঠানো হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বেনজির আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিদ্যালয় ভবন ও টয়লেটের ঝুঁকি নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে এবং কোনো দুর্ঘটনার আশঙ্কা না থাকে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।