কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা, অতিরিক্ত ভাড়া ও মাদক নিয়ন্ত্রণে পদক্ষেপের সিদ্ধান্ত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাই উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ, মাদক পাচার ও সেবন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. সাখাওয়াত কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলা আমির মো. হারুনুর রশীদ এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
সভায় কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে সৃষ্ট অসন্তোষের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ সমস্যা নিরসনে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সিএনজি সমিতির সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
এছাড়া উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত নজরদারি বৃদ্ধি, মাদক পাচার ও সেবনের বিরুদ্ধে আরও কঠোর অভিযান পরিচালনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের চলমান কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সিএনজি সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।