ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে কাপ্তাই তথ্য অফিসের জরুরি সচেতনতামূলক প্রচার
![]()
জার্নাল প্রতিবেদক
ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে জরুরি প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে তথ্য অফিসের প্রচার দলের মাধ্যমে এ সচেতনতামূলক সড়ক প্রচার চালানো হয়। এ সময় মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ কারণে জনগণকে সচেতন করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে ধারাবাহিকভাবে এ প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর রাখতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজননস্থল।
তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সবাইকে পূর্ণ হাতা জামা পরিধান, মশারি ব্যবহার, মশা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
প্রচার কার্যক্রমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
কাপ্তাই উপজেলা তথ্য অফিস জানিয়েছে, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের প্রচার কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।