দিনাজপুরে সীমান্তবর্তী যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন
![]()
জার্নাল প্রতিবেদক
সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেসামরিক যুবকদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৭ জুলাই) দিনাজপুরের বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ কার্যক্রম। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেসামরিক যুবক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, দিনাজপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান, বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত অঞ্চলের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থেকে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা সীমান্তবর্তী এলাকার যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি করবে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্তরা বাস্তব জীবনে অর্জিত দক্ষতার যথাযথ ব্যবহার করে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নেও বাহিনীটি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে। যুবকদের দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।